যুদ্ধ দ্রুতই শেষ হয়ে যাবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে সোমবার বেশ ব্যস্ত দিন কাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া থেকে শুরু করে রিপাবলিকান সম্মেলনে বক্তব্য এবং আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং, সব জায়গাতেই তিনি এ বিষয়ে কথা বলেছেন। ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ শেষ করার।
সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যুদ্ধ প্রায় শেষের দিকে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সময়সূচির চেয়েও অনেক এগিয়ে রয়েছে।
এনবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি ইরানের তেল অধিগ্রহণের সম্ভাবনার কথাও পুরোপুরি উড়িয়ে দেননি। এ বিষয়ে তিনি বলেন, “অবশ্যই এ নিয়ে অনেকেই কথা বলেছেন।”
নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানে মার্কিন সেনা পাঠানোর বিষয়ে প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তার ভাষায়, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অবস্থার কাছাকাছিও তারা পৌঁছায়নি।
এদিকে, ফ্লোরিডায় রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “কিছু অত্যন্ত খারাপ মানুষকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ইরানে একটি ‘স্বল্পমেয়াদি’ সামরিক অভিযানে জড়িয়েছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, “অনেক দিক থেকেই আমরা এরইমধ্যে জিতে গেছি, তবে এখনো যথেষ্ট জয় পাইনি।”
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, “তিনি এতে সন্তুষ্ট নন।” তবে পরে সংবাদ ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেননি, তার জায়গায় কাকে দেখতে চান বা তা কীভাবে সম্ভব হবে।
সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প আবারো দাবি করেন, ইরানে চালানো সামরিক অভিযান ছিল অত্যন্ত সফল।”
তিনি বলেন, “ইরান যেন দীর্ঘ সময়ের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এটা নিশ্চিত করা এখন বড় লক্ষ্য।”
সাংবাদিকদের তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্রের এখনো ইরানে কিছু লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলো একদিনেই ধ্বংস করা সম্ভব।” এ সময় তিনি বলেন, “চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে।”
ঢাকা/ইভা