ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা হচ্ছে, শিগগিরই বিশেষ অভিযান

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৯ মার্চ ২০২৬   আপডেট: ২০:৩৬, ৯ মার্চ ২০২৬
চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা হচ্ছে, শিগগিরই বিশেষ অভিযান

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে শিগগিরই  বিশেষ অভিযান শুরু করতে  যাচ্ছে সরকার। রাজধানী ঢাকা দিয়ে শুরু হবে এই বিশেষ অভিযান।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, “ডিএমপির ৫০ থানা এবং গোয়েন্দা পুলিশ চাঁদাবাজ, সন্ত্রাসী ও দাগি অপরাধীদের তালিকা তৈরির কাজ করছে। তালিকা তৈরির পর বিশেষ অভিযান শুরু হবে।”

আরো পড়ুন:

জানা গেছে, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, দাগি আসামি এবং মব সন্ত্রাসের নেতৃত্বদানকারীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে খুন, চাঁদাবাজি ও দখলবাজির ঘটনা আসছে গণমাধ্যমে। গত ১৫ দিনে হত্যার শিকার হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে বিএনপির কর্মী ৩ জন, যুবদল নেতা একজন, ছাত্রদল কর্মী একজন ও জামায়াত সমর্থক একজন রয়েছে। নিহতের মধ্যে ছুরিকাঘাতে নিহত আট জন, গুলিতে খুন তিন জন। এছাড়া গণপিটুনি, শ্বাসরোধ, ধারাল অস্ত্রের আঘাত ও সংঘর্ষে নিহত হয়েছেন কয়েকজন।আর অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন ৭ জন। পুলিশ গোয়েন্দারা যে তালিকা তৈরির কাজ শুরু করেছে, তার মধ্যে চাঁদাবাজদের পৃথক তালিকা করা হচ্ছে।

সূত্র জানায়, পুলিশের পাশাপাশি এনএসআই, ডিজিএফআই এবং এসবি চাঁদাবাজের তালিকা তৈরির কাজ করছে। এছাড়া এলাকাভিত্তিক শুটার, সন্ত্রাসী, দখলবাজ, অপরাধী এবং মাদক ব্যবসায়ীদেরও তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

গত ৪ মার্চ ডিএমপির সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ঢাকা মহানগর পুলিশকে দুইটা বিষয়ে অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগির বিশেষ করে ঢাকা থেকে শুরু করব। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত যারা সন্ত্রাসী, দাগি আসামি এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছে।”

তিনি বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি প্রদান করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। দেশে বিগত সময়ে ফ্যাসিবাদী একটা সরকার ব্যবস্থা ছিল, সেই সময় অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা আবারো আস্থাটা সৃষ্টি করতে পারি যে, পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল, সেই ভূমিকায় আমরা আবার ফিরেছি।”

ঢাকা/এমআর/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়