টেকনাফে সোয়া দুই লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নৌবাহিনীর অভিযানে সোয়া দুই লাখের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে এ সব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। নৌবাহিনীর আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া এ সব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/তারেকুর/বকুল