জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশুনানি পেছালো
বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশুনানির তারিখ পিছিয়ে আগামী ১০ নভেম্বর ধার্য করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিলো। এ দিন শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে অপর সাত আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এজন্য শুনানির পেছানোর জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম চার্জ শুনানির নতুন এ তারিখ ধার্য করেন।
অপর আসামি হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।
গত ৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর চার্জশুনানির তারিখ ধার্য করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত ১০ এ বদলীর আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে গত ৪ আগস্ট আদালতে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়।
ঢাকা/মামুন/ইভা
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী