ডিবি হারুনের ভাই শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ভাই ও প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ারের দেশত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
জানা গেছে, দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এবি এম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধানের পদসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এবি এম শাহরিয়ারকে অপরাধে প্রত্যক্ষ সহায়তা করেছেন।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এবি এম শাহারিয়ার সপরিবারে দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এ আসামির ইমিগ্রেশন বন্ধ রাখার প্রয়োজনীয় আদেশ প্রদানের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গত ৮ জানুয়ারি হারুন অর রশীদ ও এবি এম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত।
এর আগে গত ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে হারুন, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই শাহরিয়ারের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক।
ঢাকা/মামুন/এসবি
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান