ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাবির সাবেক ভিসি সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১০ মার্চ ২০২৫  
রাবির সাবেক ভিসি সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

দুর্নীতির অভিযোগ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. এম আবদুস সোবহানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

সোমবার (১০ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, ড. এম আবদুস সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার কার্যকালে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক/কর্মচারী নিয়োগের অভিযোগের অনুসন্ধান চলছে। 

অভিযোগ অনুসন্ধানকালে তার নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং বিপুল পরিমাণ অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। 

তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ আদেশ হওয়া আবশ্যক।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়