‘এআইকে ফাঁকি দিতে অসদুপায় নয়, ট্রাফিক আইন মেনে চলুন’
মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান
রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
মঙ্গলবার (২ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
আনিছুর রহমান বলেন, “শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত বা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “এআই প্রযুক্তির মাধ্যমে নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন প্রয়োগে সহায়তা করা হচ্ছে। তবে নম্বর প্লেট অস্পষ্ট বা বিকৃত থাকলে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।”
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, আগে শুধু নম্বর প্লেটসংক্রান্ত অপরাধে মামলা করা হলেও এখন থেকে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানাও করা হবে।
তিনি বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি। তদন্তের ভিত্তিতে গত ১৯ মে দুপুরে তেজগাঁও থানার কারওয়ান বাজার ক্রসিং এলাকায় মোটরসাইকেলের নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রেখে চালানোর দায়ে মো. লাবলু হক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ধারায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আনিছুর রহমান বলেন, “এআইকে ফাঁকি দেওয়ার এমন কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা বা শাস্তি দেওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়। মানুষকে সচেতন করে স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। তবে কেউ ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/এমআর/ইভা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই