‘সাংবাদিকরা আমাদের অপরিসীম কৃতজ্ঞতা পাওয়ার দাবীদার’
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান (ফাইল ছবি)
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘‘সাংবাদিকরা হলেন সত্যিকারের নায়ক। তারা কোভিড-১৯ মহামারি চলাকালীন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে আন্তরিকতা দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন।
‘তারা দেশের জনগণকে কোভিড ভাইরাসের প্রভাব অবহিতকরণ ও এ সংক্রান্ত সব ভুল তথ্য দূর করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা আমাদের কাছ থেকে অপরিসীম কৃতজ্ঞতা পাওয়ার দাবীদার।”
বুধবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানীকে সাংবাদিকদের জন্য ২৫ হাজার পিস মাস্ক হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।
এসময় বিজিএমইএ এর সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, ডিআরইউ এর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এবং সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমানো ও সংক্রমণের বিস্তার রোধের জন্য যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, বিশেষ করে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। একইসাথে মহামারি মোকাবেলায় গণ টিকাদানেরও কোনো বিকল্প নেই।’
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের মাস্ক প্রদানের জন্য বিজিএমইএ’কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
উল্লেখ্য, ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরেও সমাজের প্রতি বিজিএমইএ-এর দায়িত্ব আছে এবং সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে বিজিএমইএ সমাজের কল্যাণে অনেক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে বলে মনে করে বিজিএমইএ।
বিজিএমইএ সম্মুখ সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মী, আইন প্রয়োগকারী সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, কাষ্টমস, সমুদ্র বন্দর, বিমান বন্দর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার মাঝে ১০ লাখ মাস্ক বিতরণ করেছে।
ঢাকা/হাসিবুল/সনি