কুড়িগ্রাম-২: ১১ দলীয় জোট প্রার্থী আতিকের ছোট ভাইয়ের ওপর হামলা
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী ড. আতিক রহমান মুজাহিদ আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন।
কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী ড. আতিক রহমান মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজনকে গাড়ি থামিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুড়িগ্রাম শহরের পলাশবাড়ী এলাকায় তারা হামলার শিকার হন বলে অভিযোগ এনসিপির।
প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতদের।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন ১১ দলীয় জোট প্রার্থীর ভাই আশিকুর রহমান (২৬), নুর আমিন (২৬), জিহাদ (৩০)), সৃষ্টি (১৮)। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনসিপির কুড়িগ্রাম আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহিদ বলেন, প্রার্থীর নির্বাচনি কাজে ব্যবহৃত গাড়িতে করে তারা পলাশবাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন।
আহতের দেখতে হাসপাতালে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী ড. আতিকুর রহমান জানান, “আমার নির্বাচনি কাজে ব্যবহৃত গাড়িতে বাড়ি ফেরার সময় আমাকে মনে করে আমার ছোট ভাইসহ পাঁচজনকে গাড়ি থেকে নামিয়ে পেটানো হয়েছে, তারা আহত হয়েছেন।”
তার অভিযোগ, ছাত্রদলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন এই হামলা চালিয়েছে।
এই ঘটনা মামলা করা হবে বলে জানিয়ে আতিকুর রহমান আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
ঢাকা/বাদশাহ/রাসেল