ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১৯ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক : পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

 

শুক্রবার সকালে গুলশান-২ এ ডিএনসিসির প্রস্তাবিত নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সহযোগিতার আহ্বান জানান। হাইকোর্টের আদেশ সম্পর্কে সবাইকে অবহিত করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

মেয়র বলেন, একটি মনোরম, পরিচ্ছন্ন, সবুজ, মানবিক, স্মার্ট ও নিরাপদ আবাসস্থল হিসেবে ঢাকা মহানগরীকে গড়ে তোলার লক্ষ্যে হাইকোর্টের নির্দেশনা দেওয়ার অনেক আগে থেকেই আমি নগরীর বিলবোর্ড অপসারণে উদ্যোগী হই। প্রায় ২০ হাজার বিলবোর্ড অপসারণ করি। তবে সিটি করপোরেশনের একার উদ্যোগ এক্ষেত্রে যথেষ্ট নয়, নগরবাসীর সকলের সহযোগিতা প্রয়োজন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, নগরীতে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে বিলবোর্ড স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলো অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির হলে ভালো হবে। এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের জন্যও চিন্তাভাবনা করছি।

 

ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডকে অপরের বিজ্ঞাপনের কাজে ব্যবহার না করে কেবল নিজ প্রতিষ্ঠানের নাম ও বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহারের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মেয়র।

 

সম্প্রতি বনানী, গুলশান, বারিধারা ও নিকেতনের মধ্যে চালু হওয়া সার্কুলার বাস সার্ভিস ‘ঢাকা চাকা’ এর ভাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, সিটি করপোরেশন এখানে কোনো ব্যবসা করছে না। সবগুলো বাসই ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন। সিটি করপোরেশন জনস্বার্থে প্রধান সমন্বয়কের ভূমিকা নিয়ে এ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে। এটি এখনো একেবারেই প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। সময়ের সাথে সাথে যাত্রীদের সুবিধার্থে এ সার্ভিসটিকে আরো সহজলভ্য ও সাশ্রয়ী করা সম্ভব হবে বলে আশা করি।

 

সিটি করপোরেশনের নাগরিক সেবাসম্পর্কিত হটলাইন চালুর প্রসঙ্গে তিনি বলেন, আমরা হটলাইনের চেয়ে অনেক বেশি কার্যকর একটি উদ্যোগ গ্রহণ করেছি। এই আগস্টের প্রথম সপ্তাহে ডিএনসিসি ‘নগর’অ্যাপ চালুর মধ্য দিয়ে আমরা জনসেবাকে আক্ষরিক অর্থেই জনগণের দোড়গোড়ায় নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করেছি।

 

সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, সদ্য যোগ দেওয়া প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক, সদ্য সাবেক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালেহ ভূঁইয়া, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, নারী ওয়ার্ড কাউন্সিলর শাহনাজ পারভিনসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, হাইকোর্ট ১৪ আগস্ট ঢাকা সিটি করপোরেশনকে (উত্তর/দক্ষিণ) অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, ফটক, তোরণ, দেয়াল লিখন ইত্যাদি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অপসারণের নির্দেশনা দিয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৬/আরিফ সাওন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়