ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘অর্থবছর জুলাই-জুন বহাল থাকবে’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৩১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অর্থবছর জুলাই-জুন বহাল থাকবে’

সংসদ প্রতিবেদক : আর্থিক বছর জুলাই-জুন বহাল রাখার ব্যাপারে সরকার এখনো অটল আছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ৭১ বিধিতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নুরজাহান বেগমের জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের সম্পূরক প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টি নিয়ে এই সংসদে কয়েকবার আলোচনা হয়েছে। আমি সেখানে আমার অবস্থান তুলে ধরেছি। আমাদের দেশ যখন স্বাধীন হলো, তখন অর্থবছর ছিল এপ্রিল টু মার্চ। কিন্তু পরবর্তী সময়ে জুলাই টু জুন করা হয়। জুলাই টু জুন করার জন্য তার আগে যথেষ্ট আন্দোলন ও চিন্তা-ভাবনা হয়েছে। এই জাতীয় সংসদে এ ব্যাপারে অনেক বিতর্ক হয়েছে।

বিতর্কের মূল কথা ছিল, আমাদের দেশে এমন সময়ে বাজেটটি করা উচিত যে সময় কাজকর্ম করার সুবিধা থাকে। আমাদের দেশে কাজকর্ম শুরু হয় সেপ্টেম্বরের দিকে। সেজন্য জুলাই মাসে যদি বাজেট তৈরি করা যায় তাহলে সেপ্টেম্বরের মধ্যে বাজেট বাস্তবায়নের ব্যবস্থা হয়ে যায়। সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই লম্বা সময় পাওয়া যায়। যেটা এপ্রিল টু মার্চে একেবারে অসম্ভব হয়ে যায়। এপ্রিল টু মার্চে ফেব্রুয়ারির শেষ দিকে সব কাজকর্ম বন্ধ করে আগামী বাজেটের চিন্তা-ভাবনা করতে হয়। সেদিক দিয়ে আমার বিবেচনায় এবং আমাদের সরকার এখন পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল। আমাদের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে জুলাই থেকে জুন। জুলাই থেকে জুনই আমরা অব্যাহত রাখব।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৭/নৃপেন/মুশফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়