দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আজ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন (ইসি) আজ ঘোষণা করতে পারে। এছাড়া, জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ এবং ৪৬ নম্বর মহিলা আসনের ভোটের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। আজ নির্বাচন কমিশনের ৮৬তম সভা বসেছে।
ইসি সূত্রে জানা গেছে, সভায় ইউপি, পৌরসভা ও সংসদীয় আসনের উপনির্বাচনসহ ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্য চার কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, কমিশন সভায় দ্বিতীয় ধাপের ইউপি ভোট, সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচন, ৪৫ নম্বর মহিলা আসনের উপ-নির্বাচন, সপ্তম ধাপের পৌরসভা নির্বাচন, স্থানীয় সরকারের বিভিন্ন উপ-নির্বাচন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে।
এর আগে ১১ এপ্রিল ভোটের তারিখ রেখে গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নিধারণ করে ২১ জুন ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ করে ইসি। স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে গত ২০ সেপ্টেম্বর ১৬০টিতে ভোট নেওয়া হয়। আর যোগাযোগ সমস্যা, প্রার্থীর মৃত্যু ও আইনি জটিলতার কারণে ৭টিতে ভোট হয়নি।
দেশে মোট ৪ হাজার ৪৮৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। আরও ৪ হাজার ১০০টিরও বেশি ইউপিতে ভোটের আয়োজন করতে হবে ইসিকে। দ্বিতীয় ধাপে প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল হতে পারে।
ঢাকা/হাসিবুল/ইভা