ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু বন্যা মোকাবিলায় সহায়তা করবে: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৪, ৩০ জুন ২০২২  
পদ্মা সেতু বন্যা মোকাবিলায় সহায়তা করবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত সিলেট অঞ্চলে ত্রাণ ও পূনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দেশের দক্ষিণাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলে বন্যা আসে ভাদ্র মাসের দিকে। সরকার সেই বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। এই বন্যাও আমরা মোকাবিলা করতে পারবো। পদ্মা সেতু এই বন্যা মোকাবিলায় সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।  

প্রধানমন্ত্রী বলেন, সিলেট বিভাগ ও নেত্রকোনা জেলায় বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুনর্বাসন কাজও চলছে। লঞ্চ-ট্রেনে অগ্নিকাণ্ডসহ সকল মোকাবিলা করেছে সরকার। ওই সকল ঘটনার তদন্তও চলছে বলে তিনি উল্লেখ করেন।

পদ্মা সেতু নির্মাণে উন্নয়নের স্বর্ণ দুয়ার উন্মোচিত হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, পদ্মা সেতুর ব্যয় নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায়, এই ব্যয় তুলনামূলক বেশি নয়। ১৯৯৭ সালে আমি যখন জাপান গিয়ে ছিলাম, তখন পদ্মা সেতু ও রূপসা নির্মাণের বিষয়ে আলোচনা করি। ওই সময়ে রূপসা সেতু নির্মাণ হলেও পদ্মা সেতু হয়নি। পরে আবারও ক্ষমতায় এই সেতু নির্মাণের উদ্যোগ নেই। 

তিনি আরও বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে গেলে আমরা নিজস্ব টাকায় এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সংসদে এই ঘোষণা দেওয়ার পর জনগণের ব্যাপক সাড়া পাই। সর্বশেষ সেতু নির্মাণে সফল হয়েছি। এই সেতুতে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। এই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

সংসদের বাজেট অধিবেশন প্রাণবন্ত ছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলনে, এই অধিবেশনে বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দিয়েছেন। বিশেষ করে বিএনপি নেতারা যথেষ্ট বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইচ্ছামত তারা কথা বলার সুযোগ পেয়েছেন। আর আমাদের যারা অফিসিয়াল বিরোধী দল, তারাও আলোচনার করেছেন। অধিবেশনে ২২৮ জন সংসদ সদস্য বাজেট আলোচনায় অংশ নিয়েছেন। ৩৮ ঘণ্টা ৫৭ মনিটরিং আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতাসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়