ঈদে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আগামীকাল ঈদ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন অনেকে। তবে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮ জুন) রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে। এ সময় অধিকাংশ যাত্রীই দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করেছেন বলে জানান।
গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে ফুলবাড়িয়া এসেছেন পোশাক কারখানার শ্রমিক মানিক ও তানজিলা। যাবেন পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। তাদের কাছ থেকে ৮০০ টাকা করে ভাড়া নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তারা বলেন, ফুলবাড়িয়া থেকে পিরোজপুর ভাড়া ৪০০ টাকা। আমাদের কাছ থেকে ৮০০ টাকা ভাড়া নিয়েছে ইমাদ পরিবহন। আমার বোনাসের অনেক টাকা গাড়ি ভাড়াতেই চলে গেল। সব জায়গায় গরিব মানুষ জিম্মি। দেখার কেউ নাই। সব কিছু ইচ্ছেমতা চলছে।
কথা হয় ফরিদপুরের সদর উপজেলা বাসিন্দা আতিক হাসানের সঙ্গে। তিনি বলেন, ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকা নেওয়া হচ্ছে।
টঙ্গিপাড়া এক্সেপ্রেসে টিকিট কেটেছেন মো. আবুল কালাম নামের এক যাত্রী। তিনি বলেন, ফুলবাড়ি বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমি নবাবপুরে একটি দোকানে কাজ করি। পরিবার নিয়ে গোপালগঞ্জ যাবো। ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকা নিয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে গাড়ি ছাড়ার কথা থাকলেও গাড়ি ১২টার সময় ছেড়েছে।
পরিবার নিয়ে মাদারীপুর যাবেন জয়নুল আবেদিন। তিনি বলেন, গুলিস্তান থেকে শিবচর ভাড়া ২৫০ টাকা। এখন ৫০০ টাকা করে নিচ্ছে। কিছু তো করার নেই। তাই বাধ্য হয়ে যাচ্ছি। সরকারের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার জলিল হোসেন বলেন, ফিরতি পথে খালি গাড়ি আসে। তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। পিরোজপুর, গোপালগঞ্জ রুটে বাস চলাচল করে। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত মোট ৪৫টি বাস ছেড়ে যাবে। সব বাসেরই টিকিট বিক্রি হয়ে গেছে।
ফুলবাড়ীয়ায় ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার মাহমুদ বলেন, যেসব পরিবহন যাত্রীদের কাছে বাড়তি ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসাদ/ইভা
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে