ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭ লাখ মেট্রিক টন গম, এমওইউ স্বাক্ষর

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৫৪, ২০ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭ লাখ মেট্রিক টন গম, এমওইউ স্বাক্ষর

দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রবিবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য সচিব মো. মাসুদুল হাসানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এমওইউ স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, বাণিজ্য সচিবসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘‘এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা ও পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।’’

আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৭  লাখ মেট্রিক টন উচ্চমানের গম আমদানির বিষয়ে এই এমওইউ স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং আমেরিকার পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে. এসোয়ার স্বাক্ষর করেন।
 

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়