ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ভারী বৃষ্টির আভাস 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৫  
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ভারী বৃষ্টির আভাস 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এছাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল ৪ সেপ্টেম্বর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নিকলিতে ৪৬ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়