ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনশাআল্লাহ ছেলে বিজয়ী হবে: ইশরাকের মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ইনশাআল্লাহ ছেলে বিজয়ী হবে: ইশরাকের মা

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের মা ইসমত আরা আশা প্রকাশ করে বলেছেন, ইনশাআল্লাহ তার ছেলে এবারের নির্বাচনে বিজয়ী হবেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর টিকাটুলীর কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ভোট দিয়ে বেরিয়ে ইসমত আরা বলেন, ‘‘আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ভোটারদের উপস্থিতিও ভালো। মানুষের মুখে আমি আশার কথা শুনছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে বিজয়ী হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।

ইসমত আরা জানান, একজন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করা ছাড়া তার আর কিছুই করার নেই। তবে ইশরাক হোসেন মানুষের জন্য কাজ করতে চেয়েছেন বলেই ভোটাররা তাকে সমর্থন দিচ্ছেন বলে তিনি মনে করেন। “ইশরাক সব সময় ঢাকাবাসীর কথা চিন্তা করে। তার এই আন্তরিকতার প্রতিফলন ভোটে দেখা যাবে,”— বলেন তিনি।

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রের পরিবেশ ছিল সুশৃঙ্খল।

ঢাকা-৬ আসনে এবারের নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় অনেকেই এটিকে উৎসবের সঙ্গে তুলনা করছেন। বিভিন্ন বয়সী ভোটাররা জানান, তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান।

ইসমত আরা শেষ পর্যন্ত দেশবাসী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, এটাই আমার কামনা। ফল যা ই হোক, গণতন্ত্রের এই যাত্রা অব্যাহত থাকুক।

ঢাকা/আসাদ/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়