হজ ব্যবস্থাপনায় কোনো ছাড় নয়, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
রবিবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আসন্ন হজ কার্যক্রমে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হজ ব্যবস্থাপনায় কেউ সামান্যতম ব্যত্যয় ঘটালেও তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকার দ্বিধা করবে না। শুধু হজ নয়, সরকারি অন্যান্য কাজের ক্ষেত্রেও দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ধর্মমন্ত্রী বলেন, মন্ত্রী বা সচিবের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করলেই ভালো অফিসার হওয়া যায়- এমন ধারণা ঠিক নয়। এতে অফিস বা দেশের প্রকৃত কোনো উপকার হয় না। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বেতনকে হালাল করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
“আমরা যদি সুন্দর ও সুশৃঙ্খলভাবে কাজ করতে পারি এবং দেশকে এগিয়ে নিতে পারি, তাহলেই দায়িত্ব পালন সার্থক হবে,” বলেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে কায়কোবাদ বলেন, “কাজের মাধ্যমেই সম্পর্ক তৈরি হবে। আপনারা যদি দেশ ও মন্ত্রণালয়ের স্বার্থে ভালো কাজ করেন, আমি খুশি হব। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আপনারা যদি এক পা এগিয়ে আসেন, আমি আপনাদের দিকে তিন পা এগিয়ে আসব।”
মন্ত্রী বলেন, “আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে তা সরাসরি আমাকে জানাতে পারেন। পরামর্শের ভিত্তিতে আমরা কাজ করব। আমি যদি কোনো কাজের নির্দেশ দিই এবং তা বিধিসম্মত না হয়, তাহলে নির্দ্বিধায় আমাকে জানাবেন এটি আইনবিরোধী। এতে আমি বরং সন্তুষ্ট হব।”
এর আগে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পরিচিতি ও চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।
সভায় ধর্মসচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/রাসেল