ভারতকে হারিয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার দারুণ সূচনা
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ‘গ্রুপ-১ এ’ ভারতকে হারিয়ে দারুণ সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। আজ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে ভারতকে ৭৬ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। এরপর দারুণ বোলিং করে ১৮.৪ ওভারে ভারতকে অলআউট করে ১১১ রানে। ভারতের হয়ে লড়াই করেন কেবল শিভব দুবে। তিনি ৩৭ বলে ১টি চার ও ৩ ছক্কায় করেন ৪২ রান। এছাড়া সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ১৮টি করে রান করেন। ১৫ রান আসে অভিষেক শর্মার ব্যাট থেকে। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে মার্কো জানসেন ৩.৫ ওভারে ২২ রানে ৪টি উইকেট নেন। কেশভ মহারাজ ৩ ওভারে ২৪ রানে নেন ৩টি উইকেট। করবিশ বোশ ৩ ওভারে ১২ রানে নেন ২টি উইকেট। ১ ওভারে ৫ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন এইডেন মার্করাম। ৬৩ রানের ঝকঝকে ইনিংসে খেলে ম্যাচসেরা হন ডেভিড মিলার।
তার আগে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করেন। আর তাতেই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্রোটিয়ারা। মিডল অর্ডারে ডেওয়াল্ড ব্রেভিস ২৯ বলে ৩টি চার ও ৩ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন। ডেভিড মিলার ৩৫ বলে ৭টি চার ও ৩ ছক্কায় করেন ৬৩ রান। আর ট্রিস্টান স্টাবস ২৪ বলে ১টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৮৭ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে ভারতের জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ১৫ রানে ৩টি উইকেট নেন। আরশদীপ সিং ৪ ওভারে ২৮ রানে নেন ২টি উইকেট।
ঢাকা/আমিনুল