এক মাস মেয়াদ বাড়ল গাজী আশরাফের
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাজের মেয়াদ এক মাস বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফের সঙ্গে বিসিবির চুক্তি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গত ৫ ফেব্রুয়ারি চিঠি দিয়ে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়ে দেন গাজী আশরাফ।
হিসেব অনুযায়ী, ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাওয়ার কথা তার মেয়াদ। কিন্তু বিসিবির অনুরোধে পাকিস্তান সিরিজ এবং মার্চ মাস পুরোটা সময় তিনি দায়িত্ব পালন করবেন। এরপর ক্রিকেট থেকেই দূরে থাকবেন বলে খবর।
মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে ঢাকায় ১১, ১৩ ও ১৫ মার্চ। পাকিস্তান সুপার লিগের কারণে পাকিস্তানের সফরটি হবে দুই ভাগে। মার্চে ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ মে মাসে। ভবিষ্যৎ সফর সূচিতে টি-টোয়েন্টি সিরিজও ছিল। তবে পরিবর্তিত সূচিতে তা বাদ হয়ে গেছে।
এই সিরিজ দিয়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। আর এই সিরিজটি হতে যাচ্ছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ‘শেষ অ্যাসাইনমেন্ট।’ বিসিবির আজকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নারীদের বিপিএলের সূচিও চূড়ান্ত হয়েছে। প্রথমবারের মতো এই আয়োজন ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এজন্য তিনটি ফ্রাঞ্চাইজি খুঁজছে বিসিবি।
আগামী জুনে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে যাওয়ার ঠিক আগে নারী বিপিএল ক্রিকেটারদের সাহায্য করবে। ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলাকে। টুর্নামেন্টের সাংগঠনিক সব দিক দেখভাল করবে এই কাউন্সিলর।
ঢাকা/ইয়াসিন/আমিনুল