ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জ্বালানি তেলের ঘাটতি নেই, সরবরাহ বেড়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৩১ মার্চ ২০২৬  
‘জ্বালানি তেলের ঘাটতি নেই, সরবরাহ বেড়েছে’

সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, “দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সরকার জনগণের ভোগান্তি এড়াতে ধারাবাহিকভাবে কাজ করছে।” গত বছরের একই সময়ের তুলনায় এবার বেশি পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সোমবার (৩১ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ বলেন, “বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে।”

এই প্রেক্ষাপটে বাংলাদেশের ওপরও কিছুটা প্রভাব পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “তবে সরকার সময়োপযোগী প্রস্তুতি নেওয়ায় বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি।”

মন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার দিন ১৭ ফেব্রুয়ারি দেশে ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার মেট্রিক টন। আর ৩০ মার্চ সেই মজুত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টনে।

তিনি বলেন, “১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪১ দিনে মোট ৪ লাখ ৮২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।” বিপুল সরবরাহের পরও মজুত বৃদ্ধি পাওয়াকে সরকারের আগাম পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার ফল হিসেবে উল্লেখ করেন তিনি।

সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও মজুত ব্যবস্থাপনা জোরদার করেছে বলেও সংসদকে জানান মন্ত্রী।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়