সংসদে রুমিন-স্বাস্থ্যমন্ত্রী বিতর্ক, এগিয়ে আনা হলো টিকাদান কর্মসূচি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আগামী ৩ মের পরিবর্তে ২০ এপ্রিল থেকেই সারা দেশে একযোগে এই কর্মসূচি শুরু হবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সময় বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা দেশে হামে শিশুমৃত্যুর হার বৃদ্ধি এবং টিকার মজুদ সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি দাবি করেন, কেন্দ্রীয় গুদামে বিসিজি, পেন্টা, পিসিভি ও এমআরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ টিকার মজুদ শূন্য হয়ে গেছে এবং বিদ্যমান মজুদ দিয়েও জুনের পর চাহিদা মেটানো কঠিন হবে।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকারকে শূন্য মজুদের বাস্তবতা মোকাবিলা করতে হয়েছে। তার ভাষায়, আগের সরকারের সময় সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ও ক্রয় প্রক্রিয়ার দুর্বলতার কারণে এই সংকট তৈরি হয়। তবে পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এর অব্যবহৃত ৬০৪ কোটি টাকা পুনর্বিন্যাস করে হাম-রুবেলাসহ জরুরি টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিসেফ-এর মাধ্যমে আরও ৪১৯ কোটি টাকার টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে ২০০ কোটি টাকার টিকা দেশে এসেছে।
টিকার সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে সিঙ্গেল ডোজের পরিবর্তে ১০ ডোজের মাল্টিডোজ ভায়াল ব্যবহারের দিকে যাচ্ছে সরকার, যাতে সরবরাহ ও সংরক্ষণ সহজ হয়।
হামের মৃত্যুর পরিসংখ্যান নিয়েও সংসদে মতবিরোধ দেখা যায়। রুমিন ফারহানার দেওয়া তথ্যকে ভুল আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ হিসাবে দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪১ জন।
তিনি জানান, সংক্রমণের হটস্পট হিসেবে ঢাকা নয়, বরং বরগুনা, বরিশাল, কক্সবাজার ও নেত্রকোনা চিহ্নিত হয়েছে। এসব এলাকায় ইতোমধ্যে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা পাঠানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা পাওয়া গেছে এবং বর্তমানে মজুদ পরিস্থিতি স্থিতিশীল। ভবিষ্যতে টিকার ঘাটতি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
অধিবেশনের শুরুতে স্বাস্থ্য খাতের জনবল সংকট ও পোর্টারদের বকেয়া বেতন প্রসঙ্গেও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। জবাবে মন্ত্রী জানান, কয়েক দিন আগেই পোর্টারদের বেতন পরিশোধ শুরু হয়েছে এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের পদমর্যাদা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
ঢাকা/এএএম//
ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ