ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৬ ১৪৩২ || ২০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘ভঙ্গুর চুক্তি’ বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:০০, ৮ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘ভঙ্গুর চুক্তি’ বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটিকে ‘ভঙ্গুর চুক্তি’ বলে অভিহিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার বুদাপেস্টে তিনি এ কথা বলেছেন।

ভ্যান্স জানিয়েছেন, সরকারের ভেতরের বিভিন্ন গোষ্ঠীর ওপর নির্ভর করে ইরানের প্রতিক্রিয়া ভিন্ন ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই পরিকল্পনার প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন, কিন্তু অন্যরা যুক্তরাষ্ট্র সামরিকভাবে কী অর্জন করেছে এবং যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে ‘মিথ্যা’ বলছে।

আরো পড়ুন:

তিনি বলেন, “এ কারণেই আমি বলছি এটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতি। একদিকে এমন লোক আছেন যারা স্পষ্টভাবে আলোচনার টেবিলে আসতে এবং একটি ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য আমাদের সাথে কাজ করতে চান, আবার অন্যদিকে এমন লোকও আছেন যারা আমাদের করা এই ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়েও মিথ্যা বলছেন।”

ভ্যান্স আরো বলেন, “যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক হয়, আমি মনে করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি তারা মিথ্যা বলে, যদি তারা প্রতারণা করে, যদি তারা আমাদের স্থাপন করা ভঙ্গুর যুদ্ধবিরতিকেও কার্যকর হতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তারা সুখে থাকবে না।”

তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দলকে আপাতত ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য নির্দিষ্ট কিছু সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক উপায় ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন। কিন্তু যদি ইরান যুদ্ধের স্থায়ী অবসানের জন্য ইতিবাচকভাবে আলোচনা করতে ব্যর্থ হয়, তবে সেই বিকল্পগুলো খোলা থাকবে।

ট্রাম্পের প্রসঙ্গে ভ্যান্স বলেন, “তিনি আমাদের আলোচনার টেবিলে আসতে বলেছেন। কিন্তু ইরানিরা যদি ঠিক একই কাজ না করে, তবে তারা জানতে পারবে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো হেলাফেলা করার লোক নন। তিনি অধৈর্য। তিনি অগ্রগতি সাধনে অধৈর্য।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়