ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধি প্রধান সুজান ভাইজের নেতৃত্বে জাতিসংঘের বিভিন্ন সংস্থার একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালযে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দেবারত্ন, ইউএনওমেন এর পার্টনারসিপ এনালিস্ট সাইয়েদা সরমা, ইউএনএফপিএর টেকনিক্যাল অফিসার হাবিবুর রহমান এবং আইএরও এর কান্ট্রি অফিসার গঞ্জানবি ডেলাকটটি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের যুব উন্নয়ন এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ও প্রতিনিধিদল বাংলাদেশ সরকার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে সমাজের সব স্তরের তরুণদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে দুই পক্ষ কীভাবে একসাথে কাজ করতে পারে, সেই বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। এছাড়া ভবিষ্যতে দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্ভাব্য অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো চিহ্নিত করার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়।
বৈঠক শেষে প্রতিনিধিদল আশা প্রকাশ করে, এই আলোচনার মাধ্যমে চলমান যুব উন্নয়ন কার্যক্রমগুলো আরো গতিশীল হবে। সরকারের সাথে জাতিসংঘের এই সমন্বয় বাংলাদেশের তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আধুনিক ও কার্যকর যুব নীতি প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রতিনিধিদলের প্রস্তাবনাগুলোকে সাধুবাদ জানান এবং বাংলাদেশের যুব সমাজের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী