ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যবসা পরিচালনার বাধা দূর করা হবে: অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২৯ এপ্রিল ২০২৬  
ব্যবসা পরিচালনার বাধা দূর করা হবে: অর্থমন্ত্রী

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করা হবে। একই সঙ্গে আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে সরকার সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আরো পড়ুন:

অর্থমন্ত্রী বলেন, “ইজ অব ডুয়িং বিজনেস কোথায় বাধাগ্রস্ত হচ্ছে আগামী ৩ মাসের মধ্যে আমাদের জানান, ধাপে ধাপে সেগুলোর সমাধান করা হবে। ট্যাক্সের বিষয়ে বেসরকারি খাতের প্রত্যাশা পূরণে সরকার সচেষ্ট থাকবে।”

তিনি জানান, সম্ভাবনাময় রপ্তানিমুখী খাতগুলোকে তৈরি পোশাক শিল্পের ন্যায় বন্ডেড ওয়্যার হাউজ, ব্যাক টু ব্যাক এলসিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে। এজন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে সুস্পষ্ট এবং যৌক্তিক প্রস্তাব আহ্বান করেন অর্থমন্ত্রী। তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এ কারণেই সরকার বড় বাজেট দিচ্ছে বলেও এ সময় তিনি জানান। 

অর্থমন্ত্রী বলেন, ‘‘বর্তমান অবস্থায় দেশের অর্থনীতিকে শক্তভাবে এগিয়ে নিতে আগামী দুই বছর বিশেষ ‘পুশ অন’ প্রয়োজন হবে। তৃতীয় বছর থেকে অর্থনীতি স্বাভাবিক গতিতে চলতে শুরু করবে।’’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় অর্থনীতিকে পুনরায় গতিশীল করতে হবে। নতুন বিনিয়োগের পাশাপাশি বিদ্যমান শিল্পকে টিকিয়ে রাখতে হবে। ব্যাংক ব্যবস্থাপনা ও লজিস্টিক খাতেও বড় ধরনের সমস্যা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাত থেকে নির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাবনা আশা করেন তিনি।

সভায় এফবিসিসিআই-এর পক্ষ থেকে আগামী বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ; করপোরেট কর হ্রাস; আমদানি পর্যায়ে অগ্রীম আয়কর ধাপে ধাপে কমিয়ে আনা, উৎসে আয়কর কর্তনের হার যৌক্তিকীকরণ; যন্ত্রপাতি ও কাঁচামালের উপর উৎসে কর হ্রাস; টার্নওভারের উপর ন্যূনতম কর হ্রাস এবং ধাপে ধাপে শূন্যে নামিয়ে আনা; স্থানীয় পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসকের হার ২ শতাংশ নির্ধারণ করা; দেশে উৎপাদিত হয় না এমন ধরনের শিল্পের যন্ত্রপাতি, যন্ত্রাংশ এবং শিল্পের কাঁচামাল ও উপকরণ আমদানীতে সর্বোচ্চ ১ শতাংশ এবং দেশে উৎপাদিত হয় এমন ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ এবং শিল্পের কাঁচামাল ও উপকরণ আমদানীতে সর্বোচ্চ ৩ শতাংশ শুল্ক নির্ধারণ; ঢাকা ও চট্টগ্রামে পৃথক বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এবং মাঝারি করদাতা ইউনিট (এমটিইউ) স্থাপনসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়।

সভায় উন্মুক্ত আলোচনায় বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে অংশ নেয়া ব্যবসায়ী নেতারা। তাদের যৌক্তিক প্রস্তাব ও সুপারিশসমূহ বিবেচনায় রেখে আগামী জাতীয় বাজেট প্রণয়নের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ঢাকা/নাজমুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়