ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘দেশের আন্দোলন-সংগ্রামে ফটোজার্নালিস্টদের ভূমিকা রয়েছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৩০ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪৬, ৩০ এপ্রিল ২০২৬
‘দেশের আন্দোলন-সংগ্রামে ফটোজার্নালিস্টদের ভূমিকা রয়েছে’

দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহে ফটোজার্নালিস্টদের অনন্য ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে নেপাল ফোরাম অব ফটোজার্নালিস্ট ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বিউটি অব নেপাল এক্সিবেশন উদ্বোধনের আগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আরো পড়ুন:

প্রতিমন্ত্রী বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় নির্বাচনে ফটোজার্নালিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের ধারণ করা ছবির মাধ্যমেই দেশ-বিদেশের মানুষ বাস্তব চিত্র সম্পর্কে জানতে পারে। বিশ্ব এখন অনেক ছোট হয়ে এসেছে এবং অনলাইনভিত্তিক গণমাধ্যমের এই যুগে একটি ছবিই মানুষের দৃষ্টি আকর্ষণের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ফলে ফটোজার্নালিজমের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।”

তিনি আরো বলেন, “প্রেসক্লাবের সঙ্গে সরকারের একটি দৃঢ় সম্পর্ক রয়েছে এবং তা ভবিষ্যতেও বজায় থাকবে।” ব্যস্ততার কারণে নিয়মিত উপস্থিত থাকতে না পারলেও সাংবাদিকদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।

প্রতীমন্ত্রী তার বাবার সঙ্গে নেপাল ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন।

ফটোজার্নালিস্টদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই খাতকে আরো শক্তিশালী করতে উন্নত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং সংগঠনের সক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সরকারি ও ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এছাড়া, নেপাল ফোরাম অফ ফটোজার্নালিস্ট ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এমএসবি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়