মাদকের টাকা জোগাড় করতে ঘরের টিন খুলে বিক্রির চেষ্টা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঘরের টিন খুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন লিল খন্দকার নামে এক ব্যক্তি।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড় করতে ঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা করেছেন জলিল খন্দকার নামে এক ব্যক্তি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত জলিল একই গ্রামের বেলায়েত খন্দকারের ছেলে।
এলাকাবাসী জানান, জলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বুধবার বিকেলে মাদকের টাকা জোগাড় করতে ব্যর্থ হন তিনি। পরে নিজের ঘরের টিনের বেড়া খুলে ভাঙারির দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে এলাকাবাসী তাকে টিন বিক্রিতে বাধা দেয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘরের টিনের বেড়া খুলে জলিল সাজিয়ে রাখছেন। পরে মাথায় সেই টিন নিয়ে বিক্রির জন্য বাজারের দিকে রওনা হন।
জলিল খন্দকারের স্ত্রী তাজু বেগম বলেন, “আমার স্বামী মাদকাসক্ত। প্রায় সময় মাদকের টাকার জন্য সংসারে অশান্তি করেন। বুধবার মাদকের টাকার জন্য বসত ঘরের টিনের বেড়া খুলে নিয়ে বিক্রির চেষ্টা করেন। বাধা দিলে আমাকে গালমন্দ করেন।”
এ বিষয়ে স্থানীয় একটি মাদকবিরোধী যুব সংগঠনের সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন জানান, জলিলকে মাদকের পথ থেকে ফেরাতে তারা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো পরামর্শই শোনেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ঢাকা/বাদল/মাসুদ