২ মামলায় জামিন পেলেন আইভী
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ফাইল ফটো
হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন।
সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন হত্যার অভিযোগে দায়ে করা দুইটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে সংশ্লিষ্ট থানা পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এই মামলা দুইটিতে তাকে জামিন দিলেন হাইকোর্ট।
গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এই পাঁচ মামলায় হাইকোর্ট থেকে গত বছরের ৯ নভেম্বর জামিন পান সেলিনা হায়াৎ আইভী। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। ওই পাঁচ মামলায় যেদিন হাইকোর্ট থেকে সেলিনা হায়াৎ আইভী জামিন পান, সেদিনই আরো পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং তা মঞ্জুর হয়। পৃথক এই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। এসব জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এসব মামলায় চেম্বার আদালতে তার জামিন স্থগিত করে এবং রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। শুনানি নিয়ে আপিল বিভাগ আদেশের জন্য ৩ মে দিন ধার্য করেছেন।
ঢাকা/অনিক/মাসুদ