ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ১৮ সর্বনিম্ন ১৪ পয়সা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৬ মে ২০২৬   আপডেট: ২১:৪৭, ৬ মে ২০২৬
বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ১৮ সর্বনিম্ন ১৪ পয়সা

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে।

প্রথম ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে লঞ্চ ভাড়া জনপ্রতি ১৪ পয়সা বাড়ানো হয়েছে। এই হিসেবে কম দূরত্বে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ল লঞ্চের ভাড়া।

আরো পড়ুন:

বুধবার (৬ মে) এক প্রজ্ঞাপনে লঞ্চের ভাড়া বাড়ানোর কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানোর পাশাপাশি সর্বনিম্ন যাত্রী ভাড়াও বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে।

এতে বলা হয়েছে, পুনর্নির্ধারিত এই ভাড়া মঙ্গলবার (গতকাল) থেকে কার্যকর হবে।

এতদিন প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৭৭ পয়সা, এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৩৮ পয়সা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৯৫ পয়সা আর এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া হবে ২ টাকা ৫২ পয়সা।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন এই সিদ্ধান্তে ডিজেল লিটারে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা হয়েছে।

এরপর ২৩ এপ্রিল বাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়