প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রতিনিধিদলের সাক্ষাৎ
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এডিবির প্রতিনিধিদল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদল। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দা।
সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এডিবির প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে স্বাগত জানান এবং বাংলাদেশ ও এডিবির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বের প্রশংসা করেন। তিনি সম্প্রতি স্বাক্ষরিত মোট ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের চারটি ঋণচুক্তির জন্য এডিবিকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরবরাহ ব্যবস্থার চাপের মধ্যেও এ ধরনের সহায়তা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সংস্কার কার্যক্রম এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করবে।”
ঢাকা–সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পকে দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড রেসিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, উন্নত নাগরিক সেবা এবং পরিবেশবান্ধব নগর অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে বলে মত প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
তিনি উল্লেখ করেন, এডিবির সহায়তায় বাস্তবায়নাধীন কর্মসূচি ও প্রকল্পগুলো সরকারের সেই উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উত্তর-পশ্চিমাঞ্চল–ঢাকা–দক্ষিণ-পূর্ব সমন্বিত গ্রোথ নেটওয়ার্ক উন্নয়ন সমীক্ষায় এডিবির কারিগরি সহায়তার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই উদ্যোগ দেশের উৎপাদন, লজিস্টিকস, শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়ন ত্বরান্বিত করবে।”
এডিবির প্রেসিডেন্ট আগামী পাঁচ বছরে এ নেটওয়ার্ক উন্নয়নে বছরভিত্তিক ১ বিলিয়ন ডলার অর্থায়ন এবং সমপরিমাণ সহ-অর্থায়ন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। আগামী ২০ বছরে এই কার্যক্রমে প্রায় ৭৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে, যেখানে পিপিপি ও বেসরকারি খাতের বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এডিবির প্রেসিডেন্ট আরোউল্লেখ করেন যে, পুঁজিবাজারে সংস্কার ও সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন সংস্কার কার্যক্রমে সহায়তার জন্য এডিবি ২ মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দেবে। এছাড়াও, সরকারের জ্বালানি রূপান্তর লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে এডিবি সর্বোচ্চ ২ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো, আঞ্চলিক সংযোগ, বেসরকারি খাতের উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এডিবির প্রেসিডেন্ট বর্তমান সরকারের ঘোষিত বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচিতে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী, বাংলাদেশ সরকার ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/নজরুল/রফিক
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে