অপপ্রচার চালিয়ে পরাজয় এড়াতে চাইছে প্রতিপক্ষ: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত। এই বাস্তবতা বুঝতে পেরে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো পরাজয় এড়াতে বিএনপিকে ঘিরে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১৫ আসনে টাকা বিলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে এ বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন জানান, বিএনপি নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাদের অবস্থান ও পরিকল্পনা জানাবে। তিনি বলেন, আমাদের দল চায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।
সংঘাতপূর্ণ এলাকাগুলো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে অপরাধ হবে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
নির্বাচন কমিশনে গত এক মাসে জমা দেওয়া অভিযোগগুলোর সমাধান পেয়েছেন কিনা জানতে চাইলে মাহদী আমিন বলেন, অনেক ক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি, তবে কিছু অভিযোগ এখনও নিষ্পত্তি হয়নি। অভিযোগকারী কে সেটা মুখ্য নয়, অভিযোগ সত্য কি না সেটাই নির্বাচন কমিশনের দেখা উচিত।
এ বিষয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহদী আমিন বলেন, গত ২২শে জানুয়ারি থেকে আজ সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনি প্রচারণার নির্ধারিত সময় ছিল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং মাঠপর্যায়ের বাস্তবতা মিলিয়ে স্পষ্ট হয়েছে, জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়েই রয়েছে। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য।
ঢাকা/আলী/ফিরোজ