ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতদের পরিচয় পেয়েছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতদের পরিচয় পেয়েছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। 

শনিবার ভোরে সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নিহতদের এক জিহাদ। ১৭ বছর বয়সী এই যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়ার মুনিরুল ইসলামের ছেলে। নিহত আরেকজন হলেন আল আমিন (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধামার মোড় এলাকার মোয়াজ্জেমের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম বলেছেন, “আমরা প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় জেনেছি। ফিঙ্গারপ্রিণ্টের মাধ্যমে তাদের পরিচয় চূড়ান্ত করা হবে। এ নিয়ে আমাদের টিম কাজ করছে।”

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, শনিবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। প্রাথমিক আলামত দেখে এটি ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডি ঘটনাস্থলে আসে। এ ঘটনায় ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা/শিয়াম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়