নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
রবিবার রাতে এনসিপির আহ্বায় নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পরে রাজধানীর মগবাজারে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার সঙ্গে ছিলেন।
বিএনপির শীর্ষ নেতাদের স্বাগত জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের ফল অনুযায়ী, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরো তিনটি আসন যুক্ত হয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ভূমিধ্বস বিজয়ে দলটির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ঢাকা/আলী/রফিক