ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করুন: সিপিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৬ মার্চ ২০২৬  
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করুন: সিপিবি

শোষণ-বৈষম্য-দুর্নীতিমুক্ত সমতাভিত্তিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াইয়ে অবিচল সংগ্রাম পরিচালনার অঙ্গীকার করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

তারা বলেছেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থান, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সব আন্দোলন-সংগ্রামে অতীতে যেমন সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। তেমনি আগামীতে বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রাম এবং শোষণ মুক্তি ও সমাজতন্ত্র অভিমুখী লড়াইয়ে নিবেদিত থাকবে।

আরো পড়ুন:

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তারা।

দলীয় পতাকা উত্তোলনের পর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন।

সভায় বক্তৃতা করেন সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, ঢাকা জেলার সভাপতি সুকান্ত শফি চৌধুরী কমল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর ও কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, “বারবার প্রতারণার শিকার হওয়া বাংলাদেশের সাধারণ মানুষকে লুটেরা পুঁজিবাদী শক্তি, মৌলবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই গড়ে তুলতে হবে। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।”

সভাপতির বক্তব্যে সাজ্জাদ জহির চন্দন বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে কমিউনিস্টরা শোষণ, নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে এবং ভবিষ্যতেও এই আপসহীন সংগ্রাম অব্যাহত থাকবে। এখন মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরায়েলি আগ্রাসন ও জায়নবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি গড়ে তোলা প্রয়োজন।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো অন্যায্য বাণিজ্য চুক্তির বিরোধিতা করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, “এসব চুক্তি বাংলাদেশের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী।”

“দেশের বন্দর বা করিডর বিদেশি স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হলে কমিউনিস্টরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।”

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আলোচনা সভা শেষে একটি র‌্যালি পল্টন থেকে প্রেসক্লাব হয়ে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়