ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশকে পুরনো রাষ্ট্র কাঠামোয় ফিরতে দেওয়া হবে না: আখতার 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ৮ মার্চ ২০২৬  
দেশকে পুরনো রাষ্ট্র কাঠামোয় ফিরতে দেওয়া হবে না: আখতার 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, “সংসদের ভেতরে এবং বাইরে যেখানে প্রয়োজন, সেখানে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের লড়াই জারি রাখবে। বাংলাদেশকে পুরনো রাষ্ট্র কাঠামোয় ফিরে যেতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।”

রবিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি: সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণই জবাব দেবে, উল্লেখ করে আখতার হোসেন বলেছেন, “গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে। সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে, সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে।”

এনসিপির সদস্য সচিব বলেন, “জুলাই বাস্তবায়ন আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে, একই শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। আইনের এই আদেশের বাস্তবতা, আইনি চরিত্র এবং এর ভাষা যদি সাধারণভাবে মূল্যায়ন করেন, তাহলে ফলাফল দাঁড়াবে—বিএনপির এমপিরা শপথ গ্রহণের দিনই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন।”

তিনি বলেন, “ঐকমত্য কমিশনে অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে প্রতিশ্রুতি দিলেও বিএনপি পরে সেই অবস্থান থেকে সরে আসে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো পূর্ণ বাস্তবায়নের প্রতিজ্ঞা করেছিল। কিন্তু, আমরা দেখলাম, গণভোটের সময় বিএনপি ‘না ভোটের’ক্যাম্পেইন শুরু করল।”

বিএনপির সংসদ সদস্যদের প্রতি অভিযোগের আঙুল তুলে আখতার হোসেন বলেন, “আপনারা এরইমধ্যে জনগণের প্রত্যাশা উপেক্ষা করেছেন। আপনারা জনগণের রায় প্রত্যাখ্যান করেছেন। আপনারা আইন লঙ্ঘন করেছেন। আইন লঙ্ঘন করে কীভাবে আইন সভার সদস্য থাকা যায়, সেটা বড় প্রশ্ন।”

ঢাকা/রায়হান/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়