গণতন্ত্র উত্তরণ ও দুর্নীতি দমনে কাজ করবে বিএনপি: সেলিমা
নিজস্ব সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সেলিমা রহমান।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান বলেছেন, “শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ এবং সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।”
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত নারী সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, “কৃষক, শ্রমিক, শিশু ও নারীসহ সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যেন তাদের প্রাপ্য অধিকার পায়, সে লক্ষ্যে দলটি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে।”
তিনি আরো বলেন, “গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে তাদের সঙ্গে সরাসরি কাজ করা হবে। নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে তৃণমূল পর্যায় থেকেই নারী ক্ষমতায়ন নিশ্চিত হবে, যা কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সেলিমা রহমান বলেন, “দেশের গণতান্ত্রিক অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে দলীয়ভাবে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে এবং এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী কাজ করা হবে।”
ঢাকা/নজরুল/সাইফ