ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপের জন্য আমিরকেই আগে বেছে নিতেন ওয়াসিম

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের জন্য আমিরকেই আগে বেছে নিতেন ওয়াসিম

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ আমিরের। তবে দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের বিশ্বাস, আমির শেষ মুহূর্তে হলেও ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে আমিরের একটা স্পেল গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য। কিন্তু এরপর থেকে তিনি ১৪ ওয়ানডেতে ১০১ ওভার বোলিং করে উইকেট পেয়েছেন মাত্র ৫টি। আগামী ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপ দলে তার জায়গা না পাওয়াটা তাই অনুমিতই ছিল।

পাকিস্তানের হয়ে ৯১৬ আন্তর্জাতিক উইকেট নেওয়া ওয়াসিম অবশ্য আমিরের পাশেই দাঁড়াচ্ছেন। ইংল্যান্ডের মাটিতে আমিরের যা রেকর্ড তাতে করে বিশ্বকাপের জন্য তাকেই আগে বেছে নিতেন বলেও জানিয়েছেন প্রাক্তন পেসার।

এএফপিকে ওয়াসিম বলেছেন, ‘বিশ্বকাপ থেকে আমরা আমিরকে বাদ দিতে পারি না। ইংলিশ কন্ডিশনে সে ভালো খেলে। সেই বিবেচনায় বিশ্বকাপের জন্য আমার প্রথম পছন্দ হতো আমির।’

ইংল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত আটটি ওয়ানডে খেলে আমির নিয়েছেন ৯ উইকেট। সেখানে তার ইকোনমি রেটও পাঁচের নিচে।

বর্তমানে আমির যে তার সেরা অবস্থানে নেই, তা স্বীকার করেছেন ওয়াসিম। তার বিশ্বাস, আমির একবার ছন্দ ফিরে পেলেই ভালো করবেন।

‘একবার ছন্দ ফিরে পেলে সে ভালো করবে বলে আমি আত্মবিশ্বাসী। সে শিখতে চায়। সুতরাং আমি আশা করছি খুব শিগগিরই সে ভালো অবস্থায় ফিরবে। কেননা পাকিস্তান দলের তাকে প্রয়োজন আছে’- বলেছেন ওয়াসিম।

বিশ্বকাপ দলে না থাকলেও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ মে শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজের দলে আছেন আমির। একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো কিছু করতে পারলে বিশ্বকাপ দলে ঢুকে যেতেও পারেন ২৭ বছর বয়সি পেসার। আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো।



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়