হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ক্যাসিয়াস
ইকার ক্যাসিয়াস
ক্রীড়া ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোর্তোর গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। বুধবার অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েন স্পেনের বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানায়, এ সপ্তাহে অ্যাভেসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার সকালে অনুশীলনের সময় বুকে ব্যথা অনুভব করেন ক্যাসিয়াস। এরপর সেখান থেকে তাকে সিইউএফ হাসপাতালে নেওয়া হয়।
জরুরি অস্ত্রোপচারের পর এখন অবশ্য স্বাভাবিক আছেন ৩৭ বছর বয়সি সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক। তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
একাধিক পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর, ক্যাসিয়াস এখন বিপদমুক্ত আছেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে বাকি মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ।
১৯৯৯ সালে শৈশবের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়েছিল ক্যাসিয়াসের। এরপর তিনি টানা ১৬ বছর খেলেছেন সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়েই। এই সময়ে রিয়ালের জার্সিতে জিতেছেন পাঁচটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি কোপা দেল রে শিরোপা।
তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা আসে ২০১০ সালে, স্পেনের হয়ে জেতেন বিশ্বকাপ। সেবার দক্ষিণ আফ্রিকায় নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্পেনের হয়ে জিতেছেন ২০০৮ ও ২০১২ ইউরো শিরোপাও। দেশের হয়ে সবচেয়ে বেশি ১৬৭ ম্যাচ খেলার রেকর্ডও তার।
২০১৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি যোগ দেন পোর্তোতে। গত মৌসুমে ক্লাবটির হয়ে জেতেন পর্তুগিজ লিগ শিরোপা। এখনো তিনি ক্লাবটির প্রথম পছন্দের গোলরক্ষক। এই মৌসুমে লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটিতেই খেলেছেন। গত মাসে লিভারপুলের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তার দল।
রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/পরাগ
রাইজিংবিডি.কম