ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কোহলির সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ১২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কোহলির সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু’

বর্তমান সময়ের সেরা ক্রিকেটার কে? এবি ডি ভিলিয়ার্স নাকি বিরাট কোহলি, এই নিয়ে ভক্তদের মধ্যে বিতর্কের শুরু হওয়া স্বাভাবিক। যেই হোক না কেন, এই দুই ক্রিকেট গ্রেটকে মাঠে একসাথে ব্যাটিংয়ে দেখা যে কোনো ক্রিকেটপ্রেমীর জন্য চরম আনন্দের। আর আইপিএল অ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বদান্যতায় এই কাজটা সম্ভব হয়ে আসছে গেল ৯ বছর ধরে।

এরমধ্যে ২০১৬ সালের আইপিএলে ভিলিয়ার্স ও কোহলি জুটির ধ্বংসাত্মক চেহারা দেখেছে ক্রিকেটবিশ্ব। সে মৌসুমে বেশ কয়েকটি শতক জুতি ছাড়াও ২২৯ রানের অবিচ্ছিন্ন জুটিও গড়েছেন এই দুই তারকা ক্রিকেটার। গুজরাট লায়ন্সের বিপক্ষে সেই ম্যাচে দুইজনই পেয়েছেন শতক। মাঠের ভেতরে দুইজন যেমন একে অপরের সঙ্গ উপভোগ করেন। বাইরেও ঠিক তাই। এবিডি জানিয়েছেন, বাইরে দুইজন বন্ধুর চেয়েও বেশি কিছু। সম্পর্কটা পারিবারিক পর্যায়ে।

জিম্বাবুয়ের সাবেক পেসার ও এখনকার জনপ্রিয় ধারাভাষ্যকার পমি এমবাংওয়ার সঙ্গে অনলাইনে এক আলাপচারিতায় কোহলির সঙ্গে সম্পর্কের বিষয়ে এমনটা জানিয়েছেন ডি ভিলিয়ার্স।

এই প্রোটিয়া গ্রেটের ভাষ্যে, ‘কোহলির সঙ্গে ব্যাপারটি আসলে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। শুধু আইপিএলের সময় নয়, সারা বছরই আমাদের কথা হয়। তার মানে, এটি শুধু আইপিএল বা ক্রিকেটীয় সম্পর্ক নয়। এর চেয়েও বেশি কিছু।’

এরপরে ডি ভিলিয়ার্স সম্পর্কটা পারিবারিক পর্যায়ের জানিয়ে আরও যোগ করেন, ‘সে (কোহলি) একজন ক্রিকেটারের চেয়েও বেশি কিছু। আমার মনে হয়, বেশির ভাগ ক্রিকেটারই একটা পর্যায়ে উপলব্ধি করে যে, জীবনে ক্রিকেটের চেয়েও বেশি কিছু আছে। বিরাট সবসময়ই গভীরভাবে চিন্তা করত, অনেক কিছু নিয়েই সে পরীক্ষা-নিরীক্ষা করে। সে নতুন কিছু চেষ্টা করে দেখতে পছন্দ করে, হতে পারে তা জিম বা খাবার নিয়ে। জীবন নিয়ে, জীবনের পরের জগৎ নিয়ে সে অনেক ভাবে, সামনে কী অপেক্ষায়, নানা ধর্ম সব কিছু নিয়েই আমাদের মধ্যে কথা হয়।’

বিরাটের স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকাকে নিয়ে ভিলিয়ার্স বলেন, ‘পারিবারিক ভাবে আমাদের সম্পর্কের গভীরতা অনেক। তার স্ত্রী আনুশকার সঙ্গেও অনেক কথা হয়, যা দারুণ। আমরা বাচ্চা-কাচ্চা ও পরিবার নিয়ে কথা বলি। কোহলির প্রথম সন্তান কবে হবে, সেই অপেক্ষায় আছি আমরা এখন। দারুণ এক বন্ধুত্ব এটি। আমাদের কথার শতকরা ৯০ ভাগ সময়ই অন্য কিছু নিয়ে কথা হয়, এরমাঝে ক্রিকেট নিয়ে কথা বলার সুযোগও খুঁজে নেই আমরা।’

বিরাট কোহলি ছাড়াও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে ভিলিয়ার্সের অনেক বন্ধু আছে জানিয়ে এই প্রোটিয়ান আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকানদের কথা বললে, মর্নে মর্কেল, ফাফ ডু প্লেসি ও ডেল স্টেইনের সঙ্গে যোগাযোগ হয় নিয়মিত। ডেল ও আমার সম্পর্ক অনেক দিনের। সেই ছেলেবেলা থেকে। প্রাইমারি স্কুল থেকেই পরস্পরকে চিনি আমরা। সত্যি বলতে, সত্যিকারের কাছের বন্ধু বলতে যা বোঝায়, ক্রিকেটে তা হয় না। তবে যেটা হয়, দু-একজনের সঙ্গে বেশি মেলামেশা।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়