ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন প্রথম জাতীয় সেস্টোবল প্রতিযোগিতায় পুলিশ ও আনসার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২১
ওয়ালটন প্রথম জাতীয় সেস্টোবল প্রতিযোগিতায় পুলিশ ও আনসার চ্যাম্পিয়ন

‘ওয়ালটন প্রথম জাতীয় সেস্টোবল প্রতিযোগিতা-২০২১ (নারী ও পুরুষ)’ এর পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ও নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ বিভাগে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ আনসার। আর নারী বিভাগে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ পুলিশ ১২-১১ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এদিকে নারী বিভাগের প্রথম ফাইনালে বাংলাদেশ আনসার ২২-১২ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুুরুষ বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ পুলিশের অপু। আর নারী বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ আনসারের উর্মি আক্তার রুমা। প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটনের ডেপুটি পুলিশ কমিশনার (কূটনৈতিক নিরাপত্তা) আশরাফুল আলম, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক ও বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি রায়হান উদ্দিন ফকির, রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম টুটুল। এ সময় অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক আজম আলী খান ও সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এবারের এই ওয়ালটন প্রথম জাতীয় সেস্টোবল প্রতিযোগিতা-২০২১ এর পুরুষ বিভাগে ৮টি দল অংশ নিয়েছিল। দলগুলোর মধ্যে ছিল- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব, মা মুনি স্পোর্টিং ক্লাব, নাইন স্টার যুব সংঘ, জহিরুল ইসলাম স্পোর্টস একাডেমি ও রিংকু স্পোর্টিং ক্লাব।

নারী বিভাগেও ৮টি দল অংশ নিয়েছিল। দলগুলোর মধ্যে ছিল- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব, মা মুনি স্পোর্টিং ক্লাব, ঢাকা জেলা, শরীয়তপুর সেস্টোবল একাডেমি ও জহিরুল ইসলাম স্পোর্টিং একাডেমি।

প্রতিযোগিতার উভয় বিভাগে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথমে লিগ পদ্ধতিতে গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিত হয়। এরপর দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল সেমিফাইনাল খেলে। সেখান থেকে দুটি দল খেলে ফাইনাল।

এই প্রতিযোগিতার সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও আরটিভি। রেডিও পার্টনার ছিল রেডিও টুডে। আর অনলাইন পার্টনার ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়