ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেলবোর্নে ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া ৩০ মার্চ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৯ মার্চ ২০২২   আপডেট: ১৬:৫৭, ৯ মার্চ ২০২২
মেলবোর্নে ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া ৩০ মার্চ

গত শুক্রবার থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় কোহ সামুই দ্বীপের একটি ভিলায় সন্দেহজনক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। তার আকস্মিক মৃত্যুতে নড়ে ওঠে সারা বিশ্বের ক্রিকেট ভক্তের হৃদয়। অস্ট্রেলিয়ার হাজারো ভক্ত যেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে।

‘জি’ হিসেবে পরিচিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাকে শেষ বিদায় দেওয়ার ঘোষণা দিয়ে বুধবার (৯ মার্চ) টুইটারে টুইট করেছেন ভিক্টোরিয়ার প্রধান ড্যানিয়েল এন্ড্রুস, ‘ওয়ার্নিকে বিদায় জানানোর জন্য ‘জি’-এর চেয়ে বেশি উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই।’

আরো পড়ুন:

ভিক্টোরিয়া রাজ্যের সরকার প্রধান নিশ্চিত করলেন, ৩০ মার্চ সন্ধ্যায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া হবে এই স্পিন লিজেন্ডের। এই মাঠেই অসংখ্য কীর্তি গড়েছিলেন ওয়ার্ন। ১৯৯৪ সালে বিখ্যাত অ্যাশেজ হ্যাটট্রিক এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে শেষ সিরিজে ২০০৬ সালের বক্সিং ডে টেস্টে ৭০০তম উইকেট নেন তিনি এই এমসিজিতে।

রাজ্য সরকারের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে কিছুদিনের মধ্যেই টিকিট ছাড়া হবে। এক লাখ ধারণক্ষমতার এই স্টেডিয়ামে দর্শকসংখ্যা নিয়ে কোনো বাধাধরা নেই। 

ওই বিবৃতিতে বলা হয়, ‘ওয়ার্ন শুধু একটি ক্রিকেট প্রজন্মকে অনুপ্রাণিতই করেননি, একে সংজ্ঞায়িত করেছেন।’ ভিক্টোরিয়ার প্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেছেন, ‘আগামী ৩০ মার্চ সন্ধ্যায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি স্মারক অনুষ্ঠানে শেন ও আমাদের রাজ্যে (প্রতি) তার অবদান এবং তার খেলাকে শ্রদ্ধা জানাতে পারবেন ভিক্টোরিয়ানরা। এটি হতে যাচ্ছে বিরাট একটি ইভেন্ট। তার জীবনের উদযাপন হতে যাচ্ছে এটি, যেমনটা হওয়া উচিত।’

এরই মধ্যে ওয়ার্নের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা শুরু হয়েছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়