ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৃত্যুর ঘণ্টাখানেক আগে সিসিটিভি ফুটেজে ওয়ার্নকে যেভাবে দেখা গেছে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১০ মার্চ ২০২২   আপডেট: ১৫:৩৮, ১০ মার্চ ২০২২
মৃত্যুর ঘণ্টাখানেক আগে সিসিটিভি ফুটেজে ওয়ার্নকে যেভাবে দেখা গেছে

ফুটেজে দেখা গেছে, ওয়ার্ন তার ভিলায় ফিরছিলেন (ডানে)

হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে সিসিটিভি ফুটেজে শেন ওয়ার্নের শেষ কিছু মুহূর্তের ছবিতে তাকে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে। সাদামাটা পোশাকে হেঁটে কোথাও থেকে ফিরছেন থাইল্যান্ডের বিলাসবহুল ভিলায় । মাথায় ক্যাপ, একটি সাদা টি শার্ট ও কালো শর্টস। হাতে কিছু নতুন জামা-কাপড়।

গত শুক্রবারের সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কোহ সামুই দ্বীপের ওই সামুজানা ভিলার একটি লবি দিয়ে হেঁটে যাচ্ছেন ওয়ার্ন। কোনো সমস্যায় পড়ার চিহ্ন ছিল না তার চলনবলনে।

আরো পড়ুন:

বেলা দেড়টার দিকে নিজ ভিলায় ফিরে আসেন ওয়ার্ন। ছুটি কাটাতে ওই ভিলাতেই বিজনেস ম্যানেজার অ্যান্ড্রু নিওফিটো ও তিন বন্ধুকে নিয়ে উঠেছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে ওয়ার্নার ভিলার বাইরে গিয়েছিলেন এবং নতুন স্যুট বানাতে প্রায় এক ঘণ্টা ব্রিনয় টেইলরে সময় কাটান। তারপর ফিরে আসেন এবং অস্ট্রেলিয়া-পাকিস্তানের টেস্ট দেখছিলেন।

ওয়ার্ন যে স্যুট বানাতে গিয়েছিলেন সেটা নিশ্চিত করেছেন ওই টেইলরের দর্জি পরশুরাম। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘আমি ক্রিকেট ভালোবাসি এবং শেন ওয়ার্ন ছিলেন আমার নায়ক। তার স্যুট বানাতে পারা ছিল বিশাল প্রাপ্তি। শনিবার বা রোববার তার কাপড়গুলো নেওয়ার কথা ছিল। কিন্তু আমি যখন তার মৃত্যুর খবর শুনলাম, তখন হতবাক হয়ে গেলাম। আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। যখন তিনি দোকানে এলেন তখন তাকে খুশি, শক্তিশালী ও খুব প্রাণবন্ত দেখাচ্ছিল।’

টেইলর থেকে ফেরার কয়েক ঘণ্টা পর বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিন জাদুকরকে তার বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

হার্ট অ্যাটাক ধরে নিয়ে তার বন্ধুরা ২০ মিনিট প্রাথমিক চিকিৎসা দেন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুই ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার তার মরদেহ অস্ট্রেলিয়ায় ফেরানো হচ্ছে। আগামী ৩০ মার্চ ভিক্টোরিয়া সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাবে তার অবিশ্বাস্য সব রেকর্ডের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়