ওয়ার্নের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের বিস্তারিত
যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্মরণীয় সব কীর্তি গড়েছিলেন শেন ওয়ার্ন, সেখানেই শেষ বিদায় জানানো হবে স্পিন জাদুকরকে। আগামী ৩০ মার্চ সাধারণ দর্শক ও পরিবার-স্বজনদের উপস্থিতিতে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিতে মঙ্গলবার (২২ মার্চ) ৩০ হাজারের বেশি টিকিট ছেড়েছিল আয়োজক কর্তৃপক্ষ, যা তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।
মেলবোর্ন ক্রিকেট ক্লাবের মুখপাত্র বলেছেন, মঙ্গলবার ভেন্যুর নর্দার্ন গ্র্যান্ডস্ট্যান্ডের জন্য বিনামূল্যে টিকিট ছাড়া হয়েছিল। ওয়ার্নের নামকরণে হতে যাওয়া গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের কিছু সংরক্ষিত আসন ফাঁকা রেখে আরো টিকিট দেওয়া হবে।
এক লাখের বেশি আসনের এই ভেন্যুতে দর্শকের সংখ্যা সীমিত করা হয়নি। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। গেট খুলে দেওয়া হবে বিকেল সাড়ে ৫টায়, দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান হবে বলে জানা গেছে।
কতগুলো টিকিট ছাড়া হবে, সেই ব্যাপারে ভিক্টোরিয়া সরকার জানায়নি। তবে ডেপুটি প্রিমিয়ার জেমস মারলিনো বলেছেন, ‘এমসিজিতে যত বেশি সম্ভব মানুষকে পেতে চাই।’
তিনি আরো বলেছেন, এই অনুষ্ঠান ওয়ার্নের পরিবার এবং পুরো ভিক্টোরিয়ান ও অস্ট্রেলিয়াবাসীর জন্য খুবই বিশেষ কিছু হতে যাচ্ছে।
করোনাবিধি মেনে হবে এই শেষকৃত্য। উপস্থিত সবাইকে পূর্ণ ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং সার্ভিস ভিক্টোরিয়া অ্যাপ দিয়ে টিকা সনদ শেয়ার করতে হবে।
গত ৪ মার্চ থাইল্যান্ডে বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। ৫২ বছর বয়সীর পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে গত রোববার, যেখানে তার প্রাক্তন স্ত্রী ও তিন সন্তানসহ ছিলেন মোট ৮০ জন অতিথি।
ঢাকা/ফাহিম