চাহালকে ১৬ তলার বারান্দায় ঝোলানো খেলোয়াড়ের নিষেধাজ্ঞা চাইলেন শাস্ত্রী
সম্প্রতি রাজস্থান রয়্যালসের টুইটারে শেয়ার করা ভিডিওতে ভয়াবহ এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন চাহাল। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় দলের এক মাতাল ক্রিকেটার তাকে বাইরে নিয়ে গিয়ে ১৬ তলার বারান্দা থেকে ঝুলিয়েছিলেন। সেখান থেকে পরে গেলে তার জীবননাশের শঙ্কা ছিল।
এই ঘটনা শেয়ার করার পর নানা আলোচনা হচ্ছে। সেই আলোচনায় যোগ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবী শাস্ত্রীও। শুধু যোগই দেননি, তিনি মাতাল সেই ক্রিকেটারের নিষেধাজ্ঞাও দাবি করেছেন।
শান্ত্রী বলেন, ‘এটা আসলে হাস্যকর কোনো বিষয় নয়। আমি জানি না কোন ব্যক্তি তার সঙ্গে এমন কাজ করেছে। তবে এটা নিশ্চিত সে স্বাভাবিক অবস্থায় ছিল না। ঘটনা যদি আসলেই তেমন হয়, তাহলে কিন্তু বিষয়টা মারাত্মক। জীবনের জন্য ঝুঁকির। এটা শুনে কারও কারও কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু আমার জন্য মোটেই হাস্যকর নয়।’
‘যিনি এটা করেছেন তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এমন অবস্থায় এই ধরনের কাজ করা মোটেই যথাযথ নয়। অস্বাভাবিক অবস্থায় এরকম কিছু করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা মোটেই কাম্য নয়।’
‘জীবনে এই প্রথম এই ধরনের ভয়ঙ্কর ব্যাপার শুনলাম। এই ঘটনা যদি বর্তমানে ঘটে, তাহলে তাকে আজীবন নিষিদ্ধ করে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো উচিত হবে। তাকে ক্রিকেট মাঠের ধারে কাছেও আসতে দেওয়া উচিত হবে না। তাহলে তার আসল শিক্ষা হবে।’
ঢাকা/আমিনুল