ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেশন্স লিগে আবারও মুখোমুখি স্পেন-ইংল্যান্ড, ফ্রান্সের সঙ্গী ইতালি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
নেশন্স লিগে আবারও মুখোমুখি স্পেন-ইংল্যান্ড, ফ্রান্সের সঙ্গী ইতালি

ইউরো ফাইনালের পুনরাবৃত্তি। আবারও একই গ্রুপে স্পেন ও ইংল্যান্ড। ব্রাসেলসে আজ শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশন্স লিগে জমে উঠেছে লড়াইয়ের মঞ্চ। একই সঙ্গে ফ্রান্স-ইতালি ও জার্মানি-নেদারল্যান্ডস দ্বৈরথও আলোচনায়।

ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে হারানো স্পেন নেশন্স লিগেরও সাবেক চ্যাম্পিয়ন (২০২৩)। গত আসরে তারা ফাইনালে উঠলেও পেনাল্টিতে হেরেছিল পর্তুগালের কাছে। এবার লিগ ‘এ’-এর গ্রুপ ‘এ৩’-এ স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। টমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের জন্য এটি বড় পরীক্ষা বলেই ধরা হচ্ছে।

আরো পড়ুন:

২০২৬ বিশ্বকাপের পর ইউরোপীয় আন্তর্জাতিক ফুটবলে নেশন্স লিগই হবে মূল আকর্ষণ। এরপর নজর ঘুরবে ইউরো ২০২৮ বাছাইপর্বে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে এ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, যেখানে প্রতিটি দল ঘরে-বাইরে একে অপরের মুখোমুখি হবে।

লিগ ‘এ’-এর চার গ্রুপের সেরা দুই দল মার্চ ২০২৭-এ কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে চার দল জায়গা করে নেবে জুনে অনুষ্ঠিত ফাইনালসে। যা অংশগ্রহণকারী কোনো একটি দেশ আয়োজন করতে পারে।

বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল রয়েছে গ্রুপ ‘এ৪’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস। ২০২১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে গ্রুপ ‘এ১’-এ, সঙ্গী ইতালি, বেলজিয়াম ও তুরস্ক। গ্রুপ ‘এ২’-এ আছে জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।

লিগ ‘এ’
গ্রুপ এ১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লিগ ‘বি’
গ্রুপ বি১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, উত্তর মেসিডোনিয়া
গ্রুপ বি২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, উত্তর আয়ারল্যান্ড
গ্রুপ বি৩: ইসরায়েল, অস্ট্রিয়া, রিপাবলিক অব আয়ারল্যান্ড, কসোভো
গ্রুপ বি৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন

লিগ ‘সি’
গ্রুপ সি১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি২: মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফ্যারো দ্বীপপুঞ্জ, মলদোভা
গ্রুপ সি৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা

লিগ ‘ডি’
গ্রুপ ডি১: জিব্রাল্টার/লাটভিয়া, মাল্টা/লুক্সেমবার্গ, আন্দোরা
গ্রুপ ডি২: লিথুয়ানিয়া, আজারবাইজান, লিচেনস্টাইন

লাটভিয়া-জিব্রাল্টার এবং লুক্সেমবার্গ-মাল্টা মার্চ ২০২৬-এ দুই লেগের প্লে-অফ খেলবে, যার মাধ্যমে তাদের লিগ নির্ধারিত হবে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়