ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:১৫, ২৪ এপ্রিল ২০২৬
স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা না করায় স্পেনের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ওয়াশিংটন এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটো-তে স্পেনের সদস্যপদ স্থগিত করার মতো বিকল্পগুলো বিবেচনা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর রোয়া নিউজের। 

ওই কর্মকর্তা জানান, মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)-এর একটি অভ্যন্তরীণ ই-মেইলে স্পেনের মতো দেশগুলোকে- যাদের সমর্থন অপর্যাপ্ত বলে মনে করা হচ্ছে- শাস্তি দেওয়ার সম্ভাব্য পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে। এর মধ্যে স্পেনকে জোট থেকে সাময়িক বরখাস্ত করা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের দাবির বিষয়ে বিষয়ে মার্কিন অবস্থান পুনর্বিবেচনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আরো পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন। তার মতে, ন্যাটোতে স্পেনের অবদান যথেষ্ট নয়।

ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প স্পেনের আর্থিক পরিস্থিতিকে ‘সব দিক থেকেই খারাপ’ বলে বর্ণনা করেছেন এবং সামরিক জোটে স্পেনের দায়বদ্ধতা নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেছেন।

ইরান যুদ্ধে জড়িত মার্কিন সামরিক বিমানগুলোর জন্য স্পেন তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ার পর সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এর আগে স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করেছিল।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্ঘারিটা রোবেলস জানিয়েছেন, জরুরি অবস্থা ছাড়া ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো অভিযানের জন্য মাদ্রিদ তাদের ঘাঁটি বা আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলার কট্টর ইউরোপীয় সমালোচকদের একজন। তিনি এই অভিযানগুলোকে ‘বেপরোয়া এবং বেআইনি’ বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটন সতর্ক করে বলেছে, সহযোগিতার উন্নতি না হলে এর বাণিজ্যিক ও কূটনৈতিক পরিণাম ভোগ করতে হতে পারে।

এদিকে, পেন্টাগনের অভ্যন্তরীণ ই-মেইল সংক্রান্ত রয়টার্সের প্রতিবেদনটি স্পেনের প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন।

পেদ্রো সানচেজ বলেন, মাদ্রিদ কেবল দাপ্তরিক অবস্থানের ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানায়, কোনো অভ্যন্তরীণ চিঠিপত্রের ভিত্তিতে নয়।

তিনি আরো যোগ করেন, “আমরা কোনো ই-মেইলের ওপর ভিত্তি করে কাজ করি না, আমরা দাপ্তরিক নথি এবং অবস্থানের ভিত্তিতে কাজ করি।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়