শাস্ত্রীর নামে হচ্ছে স্ট্যান্ড
মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার যুক্ত হচ্ছে আরেকটি সম্মানের নাম। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, স্টেডিয়ামের প্রেস বক্সের নিচের লেভেল এক স্ট্যান্ডের নামকরণ করা হবে রবি শাস্ত্রীর নামে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংস্থার সভাপতি অজিঙ্ক্য নায়েক এক বিবৃতিতে বলেন, “মুম্বাই ক্রিকেট গড়ে উঠেছে আমাদের কিংবদন্তিদের হাতে। যারা শহর ও দেশের জন্য গৌরব বয়ে এনেছেন, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। খেলোয়াড়, নেতা ও কোচ হিসেবে রবি শাস্ত্রীর অবদান অসামান্য। তার নামে স্ট্যান্ডের নামকরণ সেই অবদানেরই স্বীকৃতি।”
মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ার শুরু করা শাস্ত্রী পরবর্তীতে ভারতের জার্সিতে খেলেছেন ৮০টি টেস্ট ও ১৫০টি একদিনের ম্যাচ। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন তিনি। তার কোচিংয়ে ভারত ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে রানার্সআপ হয়, ২০১৯ সালের বিশ্বকাপে পৌঁছায় সেমিফাইনালে। একই সময়ে ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় এবং ২০২০-২১ মৌসুমে আবারও অস্ট্রেলিয়া জয়ের কীর্তি আসে শাস্ত্রীর তত্ত্বাবধানে।
শুধু শাস্ত্রী নন, আরও তিন কিংবদন্তিকে সম্মান জানাতে স্টেডিয়ামের তিনটি গেটের নামকরণ করা হচ্ছে দিলীপ সারদেশাই, একনাথ সোলকার ও ডায়ানা এডুলজির নামে।
১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৬৪২ রান করে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সারদেশাই। সোলকার ছিলেন শর্ট লেগ পজিশনে অসাধারণ ক্যাচের জন্য খ্যাত। আর ডায়ানা এডুলজি নারী ক্রিকেটের পথিকৃৎদের একজন; ২২টি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
নায়েক বলেন, “ওয়াংখেড়ের গেটগুলো এই কিংবদন্তিদের নামে উৎসর্গ করার মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করা প্রতিটি সমর্থক আমাদের সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্যের কথা স্মরণ করবে।”
ওয়াংখেড়ে বরাবরই ভারতের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল অধ্যায়ের সাক্ষী। এবার সেই ইতিহাসের সঙ্গে আরও দৃঢ়ভাবে জুড়ে গেল কয়েকটি অমলিন নাম।
ঢাকা/আমিনুল