পাকিস্তানের কোচিং স্টাফরা আসছেন আজ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে পাকিস্তান ও বাংলাদেশের ওয়ানডে সিরিজটি যথাসময়ে হবে কি না নিয়ে তা নিয়ে সংশয় ছিল। বিশেষ করে পাকিস্তানের ক্রিকেটার ও কোচিং স্টাফরা বাংলাদেশে আসতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও দুই দেশের বোর্ডই সিরিজ নিয়ে আশাবাদী ছিল।
শঙ্কা পেরিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ। আগামীকাল (রোববার) পাকিস্তানের ক্রিকেটাররা ইসলামাবাদ থেকে বাংলাদেশে আসবেন। তাদের কোচিং স্টাফরা চলে আসছেন আজ (শনিবার) ।
শ্রীলঙ্কান এয়ারল্যান্ডের একটি ফ্লাইটে পাকিস্তানের দলের ৫ সদস্য ঢাকায় পা রাখবেন। কোচ মাইক হেসন, অ্যাশলে নোকফি, শেন ম্যাকডরমট, ক্লিফ ডেকন এবং গ্র্যান্ট লুডেন আজকেই ঢাকায় চলে আসবেন।
পাকিস্তানের এবারের সফরে নেই বাবর আজম, সাইফ আইয়ুব, ফখর জামানরা। বাবর ও সাইফ ফর্মের কারণে বাদ পড়েছেন। ফখর জামান নেই চোটের কারণে। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ৬ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তান বাংলাদেশে আসছে।
১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তিন ম্যাচ।
পাকিস্তানের ওয়ানডে দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, শাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।
ঢাকা/ইয়াসিন