ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাবর বাদ পড়েনি, আমরা নতুনদের সুযোগ দিয়েছি: আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১০ মার্চ ২০২৬  
বাবর বাদ পড়েনি, আমরা নতুনদের সুযোগ দিয়েছি: আফ্রিদি

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই খারাপ সময় কাটিয়েছেন বাবর আজম। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান নিজের ছায়া হয়ে ছিলেন পুরোটা সময়। বিশ্বকাপে তাকে খেলানো নিয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনাও করেছেন সাবেককরা। এজন্য শেষ ম্যাচে তাকে বাদও দিয়েছিল দল। এবার বাংলাদেশ সফরেও তাকে আনেনি পাকিস্তান।

যদিও বাংলাদেশে তারা খেলবে ৫০ ওভারের ফরম্যাট।  বিশ্বকাপে বাবর ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে। টি-টোয়েন্টির এই পারফরম্যান্স বিবেচনাতে এনে তাকে ওয়ানডে সিরিজে বাইরে রাখা হয়েছে। যদিও সবশেষ ওয়ানডে সিরিজে তার ব্যাটে ছিল সেঞ্চুরির ইনিংস। তবুও কেন বাদ?

আরো পড়ুন:

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি মঙ্গলবার ঢাকায় সেই প্রশ্নের সম্মুখীন হলেন। যদিও আফ্রিদি যা বললেন তাতে অবাক হয়েছেন অনেকেই। তার ভাষ্য, ‘‘দেখুন, এই সিরিজের জন্য কেউকে বাদ দেওয়া হয়নি। আমরা শুধু আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছি। কারণ তারা আমাদের ভবিষ্যত। তাই আমরা চাই, তারা বাংলাদেশ বিরুদ্ধে খেলার সুযোগ পায়। আমি মনে করি সময় এলে তারা তাদের ভূমিকা বুঝবে এবং ভবিষ্যতে কী আসছে তা জানবে। আমরা শুধু আমাদের দলকে ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করতে চাই, আর এটি তরুণদের জন্য সুযোগ। যাতে তারা মাঠে এসে তাদের দক্ষতা দেখাতে পারে।’’

শুধু বাবরই নয়, সাইম আইয়ুবকে রেখে এসেছে পাকিস্তান। এছাড়া ফখর জামান ইনজুরির কারণে নেই। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন, শাহিবজাদা ফারহান, আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মাদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও শামিল হুসাইন। আফ্রিদি নিশ্চিত করেছেন টপ অর্ডারেই তিন ব‌্যাটসম‌্যানের অভিষেক হবে, ‘‘হ্যাঁ, অবশ্যই তিনজন নতুন খেলোয়াড়ের অভিষেক হবে। শাহিবজাদা ফারহান থাকবে। টি-টোয়েন্টি এবং পাকিস্তানের লিস্ট-এ ক্রিকেটে একজন শীর্ষ পারফর্মার। সে ভালো করেছে। মাজ সাদাকাত ওপেন করবে। শামিল হুসেইন ওয়ানডাউনে খেলবেন। তিনজন নতুন খেলোয়াড় অভিষেক করবে, এবং আমি আশা করি তারা তাদের খেলা খেলবে এবং তাদের দক্ষতা দেখাবে। আমরা দল হিসেবে খুবই অধীর আগ্রহে তাদের খেলা দেখতে এবং পাকিস্তানের হয়ে খেলতে। শুধু এক সিরিজের জন্য নয়, ভবিষ্যতের জন্যও।’’ 

টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানকে অনভিজ্ঞ বলছেন না আফ্রিদি। ১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলার অপেক্ষায় পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেশ সমীহ করছেন আফ্রিদি, ‘‘কোনো দলই যখন নিজেদের মাঠে খেলে, তারা সেরাদের মধ্যে সেরা হয়। এটা গুরুত্বপূর্ণ নয় কে বিপক্ষে খেলছে। যেমন বাংলাদেশও তাদের শক্তিশালী দল নিয়ে মাঠে রয়েছে এবং নিজেদের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে। তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে এবং সবকিছুতে ভালো করেছে। তাই আমি মনে করি আমরা দল হিসেবে প্রস্তুত হয়েছি এবং শেষ দুইটি ওয়ানডে সিরিজ- দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছি। আমরা ভালো ক্রিকেট খেলেছি, এবং আমরা সেই ধারাটাই বজায় রাখব।’’ 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়