রাক্ষস: সিয়ামের আইটেম কন্যা বলিউডের নাতালিয়া
সিয়াম আহমেদ, নাতালিয়া
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা দর্শক প্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’ নিয়ে বাড়ছে কৌতূহল। শ্রীলঙ্কার পর ভারতের মুম্বাইয়ে সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ও একটি আইটেম গানের শুটিং শেষ করে সম্প্রতি ঢাকায় ফিরেছে সিনেমাটির টিম।
পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন, সিনেমাটির ট্রেইলার এখন প্রস্তুতির শেষ পর্যায়ে। খুব শিগগির এটি প্রকাশ করা হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সিনেমাটির একটি আইটেম গানের স্থিরচিত্র, যা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
গানটিতে নায়ক সিয়াম আহমেদের সঙ্গে পারফর্ম করেছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। বিষয়টি নিশ্চিত করে পরিচালক বলেন, “মুম্বাইয়ে গানটির শুটিং হয়েছে। খুব জমজমাট একটি গান হয়েছে। নাতালিয়া প্রথমবার কোনো বাংলা সিনেমায় পারফর্ম করলেন। সিয়ামের সঙ্গে তার রসায়ন দারুণ লেগেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করবে।”
নাতালিয়া জানোসজেক ইউরোপিয়ান বংশোদ্ভূত হলেও বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে পরিচিতি পেয়েছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো সিনেমায়। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েও আলোচিত হন।
এদিকে ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই, সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দোলা। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ।
‘রাক্ষস’ পরিচালক মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘বরবাদ’। এবার তিনি বাজি ধরেছেন সিয়াম আহমেদকে নিয়ে। নির্মাতার ভাষ্য, এটি মূলত পাগলাটে প্রেমের গল্প, যার সঙ্গে রয়েছে পারিবারিক নাটকীয়তা এবং তীব্র অ্যাকশন।
পরিচালক বলেন, “বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ বেশি ভায়োলেন্স আছে ‘রাক্ষস’-এ। আমার বিশ্বাস, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন। যারা একবার দেখবেন, তারা আবার দেখতে চাইবেন।”
সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
ঢাকা/রাহাত/শান্ত